কলকাতা – নন্দনে অনুষ্ঠিত হল ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)-এর প্রথম প্রস্তুতি বৈঠক। ২০২৬ সালের চলচ্চিত্র উৎসবকে সফলভাবে আয়োজন করার লক্ষ্যে এদিন উৎসবের প্রস্তুতি, সাংগঠনিক কাঠামো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর ৩২তম KIFF অনুষ্ঠিত হবে। গত ১৩ অগস্ট নন্দনে মুখ্যমন্ত্রী এই সময়সূচি ঘোষণা করেছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন KIFF-এর মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী, নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং KIFF-এর চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ড. সৌমিত্র মোহন।
উৎসবের প্রস্তুতি বৈঠকে আরও উপস্থিত ছিলেন পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ড. হিরণ্ময় চট্টোপাধ্যায়, সরবড়ি মুখোপাধ্যায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, জিৎ মদনানি, শেখর দাস, পদ্মনাভ দাশগুপ্ত, চূর্ণী গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, হরনাথ চক্রবর্তী, প্রেমেন্দু বিকাশ চাকী, জুন মালিয়া এবং অঞ্জনা বসু।
এদিনের বৈঠকের মধ্য দিয়ে ৩২তম KIFF আয়োজনের প্রাথমিক সাংগঠনিক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল। আগামী ডিসেম্বরের চলচ্চিত্র উৎসবকে ঘিরে কীভাবে প্রস্তুতি এগোবে এবং বিভিন্ন দায়িত্ব কীভাবে বণ্টিত হবে, তা নিয়েই বৈঠকে মূলত আলোচনা করা হয়েছে।




















