কলকাতা
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার পরেই লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ছটপুজো। একের পর এক উৎসবকে ঘিরে রাজ্যজুড়ে বাড়তে চলেছে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের ভিড়। আর এই বিপুল জনসমাগমের মধ্যে আইনশৃঙ্খলা বজায় রাখা থেকে শুরু করে যান চলাচল স্বাভাবিক রাখা—সব ক্ষেত্রেই বাড়তি দায়িত্ব পালন করতে হবে পুলিশকে।
উৎসবের মরশুমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই এবার রাজ্য পুলিশের সমস্ত স্তরের কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের শীর্ষমহল থেকে জারি করা নির্দেশিকায় সমস্ত পুলিশ কমিশনারেট, জেলা এবং সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, আগামী এক মাসেরও বেশি সময় রাজ্য পুলিশের কর্মীদের ছুটি দেওয়া হবে না। পুজোর আগে থেকেই শহর ও জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বিশেষ করে পুজোর দিনগুলিতে মণ্ডপ, গুরুত্বপূর্ণ রাস্তা, বাজার, স্টেশন, বাসস্ট্যান্ড এবং অন্যান্য জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ছটপুজোতেও বহু মানুষ রাস্তায় বের হন। ফলে ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি যানজট সামলানো, মণ্ডপ সংলগ্ন এলাকায় নজরদারি, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়াও পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। সেই কারণেই আগাম প্রস্তুতি হিসেবে এই ছুটি বাতিলের নির্দেশ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের একাধিক ইউনিটকে উৎসবের সময় নিজেদের এলাকায় বাড়তি নজরদারি চালানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। উৎসবের মরশুমে সাধারণ মানুষের নিরাপত্তা এবং নির্বিঘ্নে পুজো সম্পন্ন করাই এখন রাজ্য পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য।




















