কলকাতা:
পুরভোটের প্রস্তুতিতে সংগঠনকে ঢেলে সাজাতে তৎপর বিজেপি। রাজ্য কমিটিতে রদবদলের পর এবার জেলাস্তরেও সাংগঠনিক পরিবর্তন করা হল। শুক্রবার একাধিক মন্ত্রীকে দলীয় পদ থেকে সরানোর পর শনিবার প্রকাশ করা হয়েছে ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জদের তালিকা। পুরভোটকে সামনে রেখেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
নতুন তালিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। তাঁকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার বর্ষীয়ান কাউন্সিলর সজল ঘোষকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পছন্দের নেতা হিসেবেও উল্লেখ করা হয়েছে।
তালিকায় জায়গা পেয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ নাম। মালদহ বিভাগে কো-কনভেনারের দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু সরকারকে। এর আগে তাঁকে বিজেপির ওবিসি মোর্চার সভাপতির পদ থেকে সরানো হয়েছিল। এবার নতুন সাংগঠনিক দায়িত্বে তাঁকে দেখা গেল।
পুরভোটের আগে রাজ্য কমিটির পাশাপাশি সাংগঠনিক জেলার দায়িত্ব বণ্টনেও এই রদবদলকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজেপির অন্দরমহল। ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জদের দায়িত্ব নির্ধারণের মাধ্যমে ভোটের আগে জেলা স্তরে সংগঠনকে আরও সক্রিয় করার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে দলীয় সূত্রের দাবি।




















