রাজ্য – রাজ্যের পুলিশের ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণা করল নতুন সরকার। শনিবার Suvendu Adhikari মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার Diamond Harbour-এ প্রশাসনিক বৈঠক করে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে পুলিশ কর্মীদের উন্নয়নের জন্য নতুন কাঠামো তৈরি করা হবে। তবে তা অতীতের ওয়েলফেয়ার বোর্ড বা সিপিএম আমলের নন-গেজেটেড পুলিশ কর্মচারী সংগঠনের ধাঁচে হবে না।
মুখ্যমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে যাঁরা রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন, তাঁরা নতুন করে অভিযোগ জানাতে পারবেন। যাঁদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে তাঁরা তা জমা দিতে পারবেন, আর যাঁদের কাছে তথ্য নেই, পুলিশ নিজে তদন্ত করে দেখবে বলেও আশ্বাস দেন তিনি।
মহিলাদের নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, যেসব মহিলা পুলিশের একাংশের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন বা থানায় অভিযোগ জানাতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন, তাঁরাও নতুন করে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবেন। পুলিশ সেই অভিযোগ গ্রহণ করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, এখন থেকে নতুন করে এফআইআর নেওয়া হবে। কোনও সরকারি কাজের জন্য কাটমানি দিতে হলে বা পেটিএম কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেনের প্রমাণ থাকলে তা পুলিশের কাছে জমা দেওয়া যাবে। একইসঙ্গে টোটো, অটো, রিকশা চালক বা হকারদের কাছ থেকে কোনও রকম বেআইনি টাকা আদায় বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের প্রসঙ্গেও প্রশাসনকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, কোনও রকম রাজনৈতিক হিংসা বরদাস্ত করা হবে না এবং আইন মেনেই ভোট প্রক্রিয়া পরিচালনা করতে হবে। তিনি জানান, এখন থেকে পুলিশ Bharatiya Nyaya Sanhita বা বিএনএস-এর আওতায় কাজ করবে।
পুলিশকর্মীদের পোস্টিং নিয়েও একাধিক পরামর্শ দেন শুভেন্দু অধিকারী। ১৫ বছরের বেশি চাকরি করেছেন এমন কনস্টেবলদের নিজ জেলার কাছাকাছি পোস্টিং দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে ডিজিকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি মহিলা পুলিশ অফিসারদের ক্ষেত্রেও জেলার মধ্যে পোস্টিং দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।
পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশ ওয়েলফেয়ারে আখেরে পুলিশের লাভ হয়নি। কিছু ব্যক্তি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন।” তাঁর অভিযোগ, বিগত সরকারের আমলে এই বোর্ড কার্যত শাসকদলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল। সোমবার এই বিষয়ে স্বরাষ্ট্র দফতরের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে বলেও জানান তিনি।
প্রশাসনিক বৈঠকের ধরন নিয়েও নতুন বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতের প্রশাসনিক বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হবে না এবং কোনও আধিকারিককে নাম ধরে অপমান করা হবে না। শুধুমাত্র প্রশাসনিক বিষয় নিয়েই আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিন ভবানীপুরে জঙ্গি সংগঠনের নামে আসা হুমকি বার্তার প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত করছে এবং তদন্তকারী আধিকারিকের কাজেও তিনি সন্তুষ্ট।
একইসঙ্গে আরও দু’মাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।


















