হাওড়া – সপ্তাহান্তে ফের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনি ও রবিবার হাওড়া ডিভিশনে মোট ৮টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। রেল সূত্রে জানা গিয়েছে, ডানকুনি স্টেশন এলাকায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১ আগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ আগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। সেই কারণেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ আগস্ট হাওড়া থেকে ছাড়ার কথা থাকা ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ নম্বর লোকাল ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি বারুইপাড়া থেকে ৩২৪১৪, শিয়ালদহ থেকে ৩২৪১৩, মসাগ্রাম থেকে ৩৬০৮৮ এবং বর্ধমান থেকে ৩৬৮৬০ নম্বর ট্রেনও চলবে না। এছাড়া ২ আগস্ট হাওড়া থেকে ৩৬৮১১ এবং বর্ধমান থেকে ৩৬৮১২ নম্বর লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।
দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, যাত্রী নিরাপত্তা ও রেললাইনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণের স্বার্থেই এই ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে স্বাভাবিক পরিষেবা চালুর লক্ষ্য রাখা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই নন-ইন্টারলকিংয়ের কাজের কারণে হাওড়া ডিভিশনের রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল হওয়ায় সপ্তাহান্তে যাত্রীদের আগেভাগে যাত্রাপথ পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।




















