ফুটপাত দখল আর বেআইনি পার্কিং চলবে না, বর্ধমানের বিসি রোডে অগ্নিমিত্রার কড়া নির্দেশ

ফুটপাত দখল আর বেআইনি পার্কিং চলবে না, বর্ধমানের বিসি রোডে অগ্নিমিত্রার কড়া নির্দেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বর্ধমান

দুর্গাপুজোর আগে শহরের রাস্তা ও ফুটপাতের পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমানের বিসি রোড পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার কার্জন গেট থেকে বিসি রোড পর্যন্ত এলাকা ঘুরে রাস্তার দু’ধারে ফুটপাত দখল, রাস্তায় বাইক-সাইকেল রাখা এবং বেআইনি পার্কিং দেখে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রীর নজরে আসে, বিসি রোডের ফুটপাতের বড় অংশ ব্যবসায়ীদের দখলে রয়েছে বলে অভিযোগ। কোথাও আবার ফুটপাত ছাড়িয়ে রাস্তার অংশেও দোকানের পসরা রয়েছে। রাস্তার দু’দিকে সারি দিয়ে বাইক ও সাইকেল রাখার ফলে পথচারীদের চলাচল এবং যানবাহন চলাচল—দুই ক্ষেত্রেই সমস্যা তৈরি হচ্ছে বলে জানান তিনি।

অগ্নিমিত্রা পাল নির্দেশ দিয়েছেন, ফুটপাতের অন্তত এক-তৃতীয়াংশ অংশ পথচারীদের জন্য ফাঁকা রাখতে হবে। পাশাপাশি রাস্তার উপর অপরিকল্পিতভাবে রাখা বাইক ও সাইকেল সরাতে হবে এবং পার্কিংয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মানতে হবে। হকারদের জন্য নির্ধারিত জায়গা ব্যবহারের উপরও জোর দিয়েছেন মন্ত্রী।

পরিচ্ছন্নতা নিয়েও পুরসভা ও প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন অগ্নিমিত্রা। বিসি রোডের বিভিন্ন জায়গায় ডাস্টবিন বসানো এবং যেখানে ড্রেনের উপর স্ল্যাব নেই, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা করার কথা জানিয়েছেন তিনি। তাঁর নির্দেশ, দু’দিনের মধ্যে রাস্তা পরিষ্কার করে দখলমুক্ত করার ব্যবস্থা করতে হবে। এরপর ফের বর্ধমানে এসে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন মন্ত্রী।

পরিদর্শনের সময় অগ্নিমিত্রা বলেন, “এই কার্জন গেটের রাস্তাটা ঐতিহাসিক। এটা বর্ধমানের জানলা বলা যেতে পারে। এই রাস্তাটিকে নোংরা করবেন না।” একইসঙ্গে পার্কিংয়ের ক্ষেত্রেও নিয়ম মেনে চলার নির্দেশ দেন তিনি। তাঁর কথায়, কার্জন গেট থেকে বিসি রোডের পুরো অংশ যেন পরবর্তী পরিদর্শনের সময় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং চলাচলের উপযোগী থাকে।

পুজোর আগে বর্ধমানের অন্যতম ব্যস্ত এই রাস্তার যানজট, ফুটপাত দখল এবং পরিচ্ছন্নতার সমস্যা মেটাতে প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top