রাজ্য – রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প ফের চালুর উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। সেই তালিকায় অন্যতম হল Pradhan Mantri Awas Yojana। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই আবাসন প্রকল্প এবার বাংলায় নতুন করে গতি পেতে চলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
প্রধানমন্ত্রী আবাস যোজনার মূলত দুটি ভাগ রয়েছে— শহরাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান এবং গ্রামীণ এলাকার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এই প্রকল্পের মূল লক্ষ্য হল যাঁদের এখনও কাঁচা বাড়ি রয়েছে বা স্থায়ী বাসস্থানের অভাব রয়েছে, তাঁদের পাকা বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া। পাশাপাশি শৌচাগার, পানীয় জল এবং বিদ্যুতের মতো প্রয়োজনীয় পরিষেবার সুবিধাও দেওয়া হয়।
সরকারি নিয়ম অনুযায়ী, সমতল এলাকায় পাকা বাড়ি তৈরির জন্য এই প্রকল্পের আওতায় ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। অন্যদিকে পাহাড়ি এলাকায় সেই সাহায্যের পরিমাণ ১ লক্ষ ৩০ হাজার টাকা। তবে এই সুবিধা পেতে হলে আবেদনকারী বা তাঁর পরিবারের কোনও সদস্যের নামে দেশের কোথাও পাকা বাড়ি থাকা চলবে না।
আর্থিকভাবে দুর্বল, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে কিছু শর্তও রয়েছে। পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিজীবী হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। এছাড়া পরিবারের কারও নামে গাড়ি বা মোটরবাইক থাকলেও আবেদন বাতিল হতে পারে। একইভাবে ৫০ হাজার টাকার বেশি ঋণসীমার কিষান ক্রেডিট কার্ড থাকলেও এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়া যাবে না।
গ্রামীণ এলাকায় আবেদন করার জন্য গ্রাম পঞ্চায়েত, গ্রাম প্রধান বা গ্রামোন্নয়ন আধিকারিকের সাহায্য নেওয়া যায়। অন্যদিকে শহরাঞ্চলের বাসিন্দারা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অথবা স্থানীয় পুরসভায় গিয়ে আবেদন করতে পারবেন।
রাজনৈতিক মহলের মতে, বাংলায় কেন্দ্রীয় প্রকল্পগুলিকে দ্রুত কার্যকর করে সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চাইছে নতুন সরকার। আর সেই কারণেই প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।




















