বীরভূমে তৈরি ৩০ ফুটের খাদির জাতীয় পতাকা, ২০ মহিলা তাঁতশিল্পীর দেড় মাসের পরিশ্রমে সাফল্য

বীরভূমে তৈরি ৩০ ফুটের খাদির জাতীয় পতাকা, ২০ মহিলা তাঁতশিল্পীর দেড় মাসের পরিশ্রমে সাফল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বীরভূমের সিউড়ির ‘মসলিন তীর্থ’-এ তৈরি হয়েছে ৩০ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া একটি বিশাল খাদির জাতীয় পতাকা। সম্পূর্ণ খাঁটি খাদি সুতোয় তৈরি এই অখণ্ড ত্রিবর্ণ পতাকাটি নির্মাণ করেছেন ২০ জন মহিলা তাঁতশিল্পী। প্রায় দেড় মাসের নিরলস পরিশ্রমের ফলেই এই বিশেষ উদ্যোগ সফল হয়েছে।

এই সাফল্যের কথা সামাজিক মাধ্যমে তুলে ধরে জানানো হয়েছে যে, বীরভূম খাদি দলের উদ্যোগে পতাকাটি তৈরি করা হয়েছে এবং এটি মাইথন ড্যামে উত্তোলন করা হবে। পাশাপাশি এই প্রকল্প সফল করতে জেলা প্রশাসনের ভূমিকারও প্রশংসা করা হয়েছে। বিশেষভাবে জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিওদের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সিউড়ির মসলিন তীর্থে এই বিশাল জাতীয় পতাকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সম্পূর্ণ অখণ্ড, বিনা সেলাইয়ে এবং খাঁটি খাদি সুতোয় একটি বৃহৎ জাতীয় পতাকা তৈরি করা হবে। দীর্ঘ পরিকল্পনা ও পরিশ্রমের পর সেই উদ্যোগ বাস্তব রূপ পেয়েছে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীন দামোদর ভ্যালি কর্পোরেশনের মাইথন ড্যামের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই বিশেষ পতাকার বরাত দেওয়া হয়েছিল। বিশাল আকারের এই পতাকা তৈরি করা তাঁতশিল্পীদের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। তবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দক্ষ মহিলা তাঁতশিল্পীরা সফলভাবে সেই কাজ সম্পন্ন করেছেন।

এই উদ্যোগ শুধু খাদি শিল্পের ঐতিহ্যকেই তুলে ধরেনি, বরং বীরভূমের তাঁতশিল্পীদের দক্ষতা ও নিষ্ঠারও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top