রাজ্য – মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামী ১০ জুলাই প্রথমবার মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। একদিনের এই সফরে প্রশাসনিক বৈঠক, দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা এবং কর্মিসভা— একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন জানিয়েছেন, সফরের শুরুতেই বহরমপুরের একটি বেসরকারি হোটেলে জেলার কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দুপুর ২টো থেকে সাড়ে ৩টে পর্যন্ত নির্ধারিত এই বৈঠকে সাংগঠনিক জেলা নেতৃত্ব, সাধারণ সম্পাদক, জেলার বিজেপি বিধায়ক, প্রাক্তন সাংগঠনিক জেলা সভাপতি-সহ দলের একাধিক শীর্ষ নেতা উপস্থিত থাকবেন।
দলীয় বৈঠকের পর মুখ্যমন্ত্রী বহরমপুরের রবীন্দ্রসদনে গিয়ে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক কাজ এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হওয়ারও কর্মসূচি রয়েছে তাঁর।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে হেলিকপ্টারে বহরমপুরে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক শেষ করে তিনি হেলিকপ্টারে রেজিনগরের তোকিপুরে যাবেন।
তোকিপুর হাই মাদ্রাসা ময়দানে বিজেপির উদ্যোগে আয়োজিত কার্যকর্তা সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। দলীয় নেতৃত্বের দাবি, এই কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের সমাগম হতে পারে এবং তা বড় জনসমাবেশের রূপ নিতে পারে।




















