মাধ্যমিকের ফল প্রকাশে দেরি কমাতে উদ্যোগ পর্ষদের, বদলাতে পারে খাতা দেখার পদ্ধতি

মাধ্যমিকের ফল প্রকাশে দেরি কমাতে উদ্যোগ পর্ষদের, বদলাতে পারে খাতা দেখার পদ্ধতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের জন্য আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না—এমন ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার ফল দেরিতে প্রকাশিত হলে একাদশ শ্রেণির পঠনপাঠন শুরু করতেও সমস্যা তৈরি হয়। সেই পরিস্থিতি এড়াতে উত্তরপত্র মূল্যায়নের গোটা ব্যবস্থাকে নতুন করে সাজানোর চিন্তাভাবনা করছে পর্ষদ। শুধু পরীক্ষকের সংখ্যা বৃদ্ধি বা দায়িত্ব বণ্টনই নয়, নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনও অসঙ্গতি ধরা পড়লে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েও চলছে পর্যালোচনা।

পর্ষদ সূত্রে খবর, মূল্যায়নের কাজে নবীন শিক্ষকদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতদিন অভিজ্ঞ শিক্ষকদের উপর যে পরিমাণ উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হত, এবার তার তুলনায় নতুন শিক্ষকদের বেশি সংখ্যায় এই কাজে যুক্ত করা হতে পারে। সেই অনুযায়ী, একজন পরীক্ষকের হাতে আগের চেয়ে বেশি উত্তরপত্র পৌঁছনোর সম্ভাবনাও রয়েছে।

তবে নবীন শিক্ষকদের সরাসরি মূল্যায়নের দায়িত্ব দেওয়ার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা ভাবছে পর্ষদ। খাতা দেখার গতি বাড়ানোর পাশাপাশি উত্তরপত্র যাচাইয়ের নির্ভুলতা এবং নম্বর দেওয়ার মান বজায় রাখার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে মূল্যায়ন প্রক্রিয়ায় পরিবর্তনের পরিকল্পনা থাকলেও নির্ভুলতার ক্ষেত্রে কোনও আপস করতে চায় না পর্ষদ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top