‘মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন কুণাল ঘোষ, মানুষ বলব না শকুন?’ চোরবাগান-কাণ্ডে তৃণমূল নেতাকে তীব্র আক্রমণ সুকান্তর

‘মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন কুণাল ঘোষ, মানুষ বলব না শকুন?’ চোরবাগান-কাণ্ডে তৃণমূল নেতাকে তীব্র আক্রমণ সুকান্তর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব বর্ধমান

চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা অব্যাহত। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে বরখাস্ত করার দাবি তুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর সেই দাবির পাল্টা জবাব দিতে গিয়ে কুণালকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মেমারির পালসিটে এক দলীয় কর্মীর বাড়িতে যান সুকান্ত। সেখানেই চোরবাগান-কাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলকে নিশানা করেন তিনি। সুকান্তর অভিযোগ, মৃতদেহ নিয়ে রাজনীতি করছে তৃণমূল। কুণাল ঘোষকে আক্রমণ করে তিনি বলেন, “মৃতদেহ নিয়ে পলিটিক্স করেন, মানুষ বলা উচিত তাঁদের? না শকুন বলা উচিত? সেটা আমি জানি না।”

একইসঙ্গে সুকান্ত স্পষ্ট করে দেন, চোরবাগান-কাণ্ডের তদন্ত চলছে। তদন্তে কারও অপরাধ প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। পুজোর আগে যথাযথ পরিদর্শন ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে বরখাস্ত করার দাবিও তুলেছেন তৃণমূল নেতা।

অন্যদিকে, ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে সুকান্ত বলেন, “পুজোর যে ঘটনাটা, আমরা মর্মাহত। এখানে রাজনীতি করতে মানা করব।” তাঁর দাবি, বৃষ্টির কারণে পরিস্থিতির পরিবর্তন হয়েছিল এবং মানুষ উল্টো দিক থেকে ঢুকতে শুরু করেন। প্রাণ বাঁচানোর তাড়াহুড়ো থেকেই পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয় বলে দাবি করেন তিনি।

চোরবাগান-কাণ্ডের তদন্তের মধ্যেই একদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, অন্যদিকে রাজনৈতিক চাপানউতোর—সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top