রাজ্য – বিদেশ সফর থেকেই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও বার্তায় তিনি বলেন, এক ভারত, অখণ্ড ভারত ও শ্রেষ্ঠ ভারতের যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজ দেশের প্রতিটি নাগরিকের কাঁধে।
প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, সদ্য স্বাধীন ভারতের অখণ্ডতা রক্ষার জন্য কাশ্মীরে প্রাণ বিসর্জন দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ‘এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান হতে পারে না’—এই ঐতিহাসিক আহ্বানের মাধ্যমে তিনি দেশের ঐক্য ও অখণ্ডতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন বলেও উল্লেখ করেন মোদি।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গের পবিত্র ভূমি থেকেই জাতীয়তাবাদের যে আন্দোলন শুরু হয়েছিল, তার ফলেই গোটা বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়নি। সেই ইতিহাস আজ দেশের মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার তিন দেশের সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তাঁর গন্তব্য ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। বিদেশ থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাহস, দূরদর্শিতা ও আদর্শকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, বাংলার এই কৃতী সন্তানকে আজ গোটা দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। তাঁর আদর্শ আজও দেশের পথপ্রদর্শক।
প্রধানমন্ত্রী আরও দাবি করেন, বাংলাকে ভারত থেকে আলাদা করার নানা চক্রান্ত হয়েছিল। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনমত গড়ে তুলে আন্দোলনের মাধ্যমে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন। তাঁর কথায়, “তাঁর জন্যই আজ বাংলা ভারতের সঙ্গে রয়েছে।”
এদিন নিজের বক্তব্যে কংগ্রেসকেও নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনসংঘ প্রতিষ্ঠার সময় দেশের সর্বত্র কংগ্রেসের আধিপত্য ছিল এবং ভিন্ন রাজনৈতিক মতাদর্শের জন্য কোনও জায়গা ছিল না। সেই প্রতিকূল পরিস্থিতিতেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজের আদর্শে অটল থেকে কাজ করে গিয়েছিলেন বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি।




















