‘যুবশক্তি’ প্রকল্পে বেকারদের মাসে ৩,০০০ টাকা, অক্টোবর থেকে চালুর প্রস্তুতি—জানুন কারা পাবেন সুবিধা

‘যুবশক্তি’ প্রকল্পে বেকারদের মাসে ৩,০০০ টাকা, অক্টোবর থেকে চালুর প্রস্তুতি—জানুন কারা পাবেন সুবিধা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প ‘যুবশক্তি’ (Yuva Shakti) চালু করার প্রস্তুতি শুরু করেছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, পূর্ববর্তী সরকারের কোনও সামাজিক কল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না। সেই ধারাবাহিকতায় ‘যুবসাথী’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘যুবশক্তি’ করা হয়েছে এবং আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালুর লক্ষ্য রাখা হয়েছে। এর আওতায় স্নাতক (Graduate) পাশ বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা এবং আন্ডার গ্র্যাজুয়েট (Undergraduate) বেকারদের প্রতি মাসে ২,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম শংসাপত্র, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র-সহ একাধিক নথি প্রয়োজন হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

এছাড়াও এখনও স্পষ্ট নয়, এই প্রকল্পে নতুন করে আবেদন করতে হবে কি না, নাকি পূর্ববর্তী প্রকল্পে নথিভুক্ত সুবিধাভোগীদের তথ্যই ব্যবহার করা হবে। সরকার খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই ‘যুবশক্তি’ প্রকল্পের জন্য অনলাইন পোর্টাল তৈরির কাজ শুরু হয়েছে। আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য নিয়মাবলি সম্পর্কে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

রাজ্য বাজেটে জানানো হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যেসব পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম এবং যাঁরা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই পরিবারের সদস্যরাই ‘যুবশক্তি’ প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাবেন।

সরকারি নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আবেদন সংক্রান্ত তথ্যকে চূড়ান্ত বলে ধরে না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন শুরুর তারিখ ও পদ্ধতি সরকারিভাবেই ঘোষণা করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top