নয়াদিল্লি
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার দিল্লিতে ‘ইন্ডি’ জোটের মঞ্চে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে পাশে নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে বসে ‘ইন্ডি’ জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকেও উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংক্রান্ত একাধিক ইস্যুতে যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি করাই ছিল বৈঠকের অন্যতম লক্ষ্য।
বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, বিরোধী দলগুলি একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। আলোচনায় রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা নিজেদের মতামত দিয়েছেন বলে জানান তিনি। বৈঠকে বিভিন্ন দলের প্রতিনিধিরা তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং সেই মতামত মিলিয়ে পরবর্তী কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে।
বৈঠক শেষে ‘ইন্ডি’ জোটের তরফে অক্টোবর মাসে একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ‘সেভ ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ৬ অক্টোবর বিরোধী সাংসদদের নিয়ে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছিলেন। মমতার জোটের বৈঠকে যোগ দেওয়া নিয়েও তিনি তীব্র মন্তব্য করেন। সেই রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই দিল্লির মঞ্চে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নতুন করে রাজনৈতিক চর্চা তৈরি করেছে।
এদিনের বৈঠকে শুধু নির্বাচন কমিশনকে ঘিরে আন্দোলনের কর্মসূচিই নয়, ভোটার তালিকার সংশোধন, SIR এবং নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতার মতো বিষয় নিয়েও বিরোধী দলগুলি নিজেদের অবস্থান তুলে ধরে। বৈঠক থেকে ভবিষ্যতে আরও যৌথ কর্মসূচির ইঙ্গিতও দেওয়া হয়েছে।




















