পূর্ব বর্ধমান
লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক সায়ন্তন সান্যাল। সোমবার সকালে উত্তর ২৪ পরগনার জগদ্দলে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পূর্ব বর্ধমানের পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বিধায়কের আপ্তসহায়ক হিসেবে নিজের পরিচয় ও প্রভাবের কথা বলে গত ছয় থেকে সাত মাস ধরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে তোলাবাজি চালানোর অভিযোগ উঠেছে সায়ন্তনের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ।
কী কারণে গ্রেফতারি?
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের রায়নার ঠিকাদার বিশ্বরূপ সাহার দায়ের করা অভিযোগের ভিত্তিতে সায়ন্তনকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বরূপ সাহা স্থানীয় থানায় এ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের তদন্তে নেমেই সায়ন্তনের খোঁজ পায় পুলিশ।
ধৃত সায়ন্তন সান্যালের বাড়ি ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দল থানা এলাকায়। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তোলাবাজির অভিযোগের পিছনে আর কারও যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।




















