নয়াদিল্লি: দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় একাধিক হেভিওয়েটের নাম নোটিসের তালিকায় আসায় শুরু হয়েছে জোর চর্চা। প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং নির্বাচন কমিশনার এস এস সান্ধুর পাশাপাশি কংগ্রেস নেতা কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ঘভি এবং বিদেশসচিব বিক্রম মিসরির নামও রয়েছে ওই তালিকায়। তবে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, SIR-এর নোটিস পাওয়া মানেই সংশ্লিষ্ট ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে—এমনটা নয়।
নির্বাচনী নথিতে বিভিন্ন ধরনের অসঙ্গতি, নামের অমিল এবং আগের SIR-এর নথির সঙ্গে বর্তমান তথ্যের ম্যাপিং না হওয়ার মতো কারণে এই নোটিস পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। নির্বাচন কমিশনার এস এস সান্ধুর ক্ষেত্রে তাঁর নামের তথ্যের অমিলের বিষয়টি সামনে এসেছে। বিদেশসচিব বিক্রম মিসরির ক্ষেত্রে আগের SIR-এর নথির সঙ্গে বর্তমান রেকর্ড ম্যাপ না হওয়ার কারণ দেখানো হয়েছে।
একইভাবে প্রবীণ কংগ্রেস সাংসদ কপিল সিব্বল এবং কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির নামও নোটিস তালিকায় রয়েছে। এই তালিকায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নামও রয়েছে বলে জানা গিয়েছে। দিল্লিতে SIR-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন অসঙ্গতির ভিত্তিতে বিপুল সংখ্যক ভোটারকে নোটিস পাঠানো হচ্ছে।
নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়েছে, কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার আগে তাঁকে নিজের বক্তব্য ও প্রয়োজনীয় নথি পেশ করার সুযোগ দিতে হবে। ফলে নোটিস জারি হওয়াকে সরাসরি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।




















