সল্টলেক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবি-সহ পোস্টার ঘিরে তীব্র বিতর্ক ছড়াল সল্টলেকজুড়ে। পোস্টারে সংসদে ঘুমন্ত অবস্থায় রাহুল গান্ধীর ছবি ব্যবহার করা হয়েছে। ছবির নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’ করুণাময়ী বাস টার্মিনাস থেকে করুণাময়ী মোড়—সল্টলেকের একাধিক জায়গায় দেখা গিয়েছে এই পোস্টার। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল সন্ধ্যা পর্যন্ত সল্টলেকের কোথাও এই পোস্টার দেখা যায়নি। তাঁদের অনুমান, রাতের অন্ধকারে সকলের অলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টারগুলি লাগানো হয়েছে। তবে কারা এর নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের বিরুদ্ধে প্রচার চালাতে গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে কলকাতায় মহামিছিলের আয়োজন করা হয়েছিল। তবে সেই মিছিলে কোথাও এই ধরনের পোস্টার দেখা যায়নি বলে দাবি। তাহলে সল্টলেকের বিভিন্ন জায়গায় রাতারাতি ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি-সহ পোস্টার লাগাল কারা? রাজনৈতিক মহল থেকে স্থানীয় বাসিন্দা—সব মহলেই এখন উঠছে সেই প্রশ্ন।



















