২১ জুলাইয়ের প্রস্তুতি ঘিরে কুণাল ঘোষ-দোলা সেনদের বিরুদ্ধে এফআইআর, রাজনৈতিক তরজা তুঙ্গে

২১ জুলাইয়ের প্রস্তুতি ঘিরে কুণাল ঘোষ-দোলা সেনদের বিরুদ্ধে এফআইআর, রাজনৈতিক তরজা তুঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – আগামী ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতি ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ তৈরির জন্য ফিতে হাতে রাস্তা মাপার ঘটনায় তৃণমূলের কুণাল ঘোষ, দোলা সেন এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, এই মাপজোকের ফলে যান চলাচল এবং সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ২৮৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এর আগে ২১ জুলাইয়ের কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল কালীঘাট-পন্থী তৃণমূল শিবির। সেই আবেদনের পর রবিবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সম্ভাব্য মঞ্চের পরিমাপ করতে উপস্থিত হন কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ দলের একাধিক নেতা-নেত্রী।

পুলিশের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার আগেই এই মাপজোকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় তিনি প্রশ্ন তোলেন, অনুমতি ছাড়া কীভাবে কেউ কলকাতার রাস্তায় গিয়ে মাপজোক করতে পারেন। একইসঙ্গে তিনি তৃণমূলকে ব্রিগেডে সভা করার চ্যালেঞ্জও ছুড়ে দেন এবং বিষয়টি নিয়ে কড়া মন্তব্য করেন।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই হেয়ার স্ট্রিট থানায় কুণাল ঘোষ, দোলা সেন এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। যদিও কালীঘাট-পন্থী তৃণমূল নেতৃত্ব এই মামলাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top