রাজ্য – ৪ মে ভোট গণনার দিন পশ্চিমবঙ্গে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা কলকাতাতেই উপস্থিত থাকবেন। সল্টলেকের পার্টি অফিসের কন্ট্রোল রুম থেকে গণনার প্রতিটি মুহূর্তের রিপোর্ট সরাসরি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পাঠানো হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
২৯৪টি আসনের গণনার গতিপ্রকৃতি, কোন আসনে কোন প্রার্থী এগিয়ে বা পিছিয়ে রয়েছেন—এই সব তথ্য মিনিট টু মিনিট আপডেট আকারে কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরা। গণনার দিন সল্টলেকের পার্টি অফিসে উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় দুই শীর্ষ নেতা সুনীল বনশল ও ভূপেন্দ্র যাদব।
দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, বাংলার ভোট গণনার প্রতিটি ধাপের ওপর সরাসরি নজর রাখবেন স্বয়ং অমিত শাহ। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রতিটি জেলার আপডেট পৌঁছে দেওয়ার জন্য আলাদা সমন্বয় ব্যবস্থা তৈরি করা হয়েছে।
এর আগে গণনার প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মালদহ, শিলিগুড়ি ও কলকাতায় আলাদা বৈঠক করেন রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনশল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। চারটি ধাপে জেলা সভাপতি, প্রার্থী এবং কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে আলোচনা হয়। গণনার দিন দলের প্রার্থী থেকে শুরু করে কাউন্টিং এজেন্টদের ভূমিকা কী হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা।
আজ, শনিবার জেলাস্তরে কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানা গিয়েছে। সেখানে মূলত গণনাকেন্দ্রের ভিতরে কীভাবে নজরদারি রাখতে হবে, তা নিয়েই প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজেপির নির্দেশ অনুযায়ী, গণনা শেষ না হওয়া পর্যন্ত এজেন্টদের সতর্কভাবে নজর রাখতে হবে। প্রয়োজনে বিকল্প এজেন্ট প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে। গণনাকেন্দ্রে সন্দেহজনক কিছু দেখা গেলে সঙ্গে সঙ্গে দলের নেতৃত্বকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে কোনও প্ররোচনায় পা না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে, ভোট গ্রহণ শেষ হওয়ার পরও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি হিসেবে নিত্যানন্দ রাইকে বাংলায় রাখা হয়েছে। তিনি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ও ব্যবস্থাপনার ওপর নজর রাখছেন।
সব মিলিয়ে ভোট গণনার দিন পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজরদারি ও সমন্বয় ব্যবস্থাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।




















