নিজস্ব সংবাদদাতা, মালদা , ২৮ শে ডিসেম্বর :মহিলা চিকিৎসকের সাথে থানার মধ্যে প্রকাশ্যেই বচসায় জড়ালেন মালদা শহরের ইংরেজবাজার পুরসভার ৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা। পুলিশ কর্মীরা এসে কোনরকমে পরিস্থিতি সামাল দেয়।

গতকালই অনিতা দাস নামে ওই মহিলা চিকিৎসক অভিযোগ করেছিলেন স্থানীয় কাউন্সিলর অশোক সাহার অনুগামীরা জোর করে তার বাড়িতে ঢুকে ভাঙচুর করে। তাকেও মারধর করা হয়। আজ সকালে ওই মহিলা চিকিৎসক ও তার স্বামী গাড়ি করে কাউন্সিলরের ব্যক্তিগত অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন সেই সময় কাউন্সিলরের অনুগামীরা তাদের ধরে হেনস্থা করে। থানায় অভিযোগ জানাতে আসলে থানার মধ্যে ও তাদের হেনস্থা করে কাউন্সিলরের অনুগামীরা।
উল্টে সমস্ত অভিযোগ অস্বীকার করে ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা বলেন ওই মহিলা চিকিৎসক বহিরাগতদের এনে শহরের দু নম্বর কলোনি তে তার বাড়ির নিচে থাকা তার ব্যক্তিগত অফিসে ভাঙচুর চালায় তাকে ও শারীরিক ভাবে হেনস্থা করে।
এদিকে এই ঘটনায় কাউন্সিলর এর পাশে দাঁড়িয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। তিনি বলেন অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে পুরসভার পক্ষ থেকে সমস্ত ঘটনা জেলার পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে জানানো হবে যাতে প্রশাসন ওই চিকিৎসকের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেয়।



















