মুখ্যমন্ত্রীর কৃষ্ণনগরের সভায় ছিনতাই, ৭২ ঘণ্টার মধ্যেই মহিলা গ্রেফতার, উদ্ধার সোনার হার

মুখ্যমন্ত্রীর কৃষ্ণনগরের সভায় ছিনতাই, ৭২ ঘণ্টার মধ্যেই মহিলা গ্রেফতার, উদ্ধার সোনার হার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নদিয়া – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষ্ণনগরের জনসভাকে ঘিরে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। রবিবার এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর কাছ থেকে তিনটি সোনার হার অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর জনসভায় বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকের ভিড় জমেছিল। অভিযোগ, সেই ভিড়ের সুযোগ নিয়েই সমর্থক সেজে ঢুকে পড়ে একটি ছিনতাইকারী চক্র। সভা চলাকালীন ভিড়ের মধ্যেই তিন জন মহিলা সমর্থকের গলার সোনার হার চুরি হয়।

সভা শেষ হওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। তিন জন মহিলা কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীরা ভীমপুর থানার কুলগাছি এলাকার বাসিন্দা।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। রবিবার সকালে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঝাড়খণ্ডের এক মহিলাকে গ্রেফতার করে। ধৃতের নাম রূপালি দেবী। তাঁর কাছ থেকেই তিনটি চুরি যাওয়া সোনার হার উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত মহিলা ভিনরাজ্যের একটি ছিনতাইকারী চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। পুলিশ এই ঘটনায় কোনও সংগঠিত চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। প্রয়োজনে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হতে পারে।

মুখ্যমন্ত্রীর জনসভায় এই ধরনের ঘটনার পর নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও পুলিশ প্রশাসনের দাবি, দ্রুত তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং চুরি যাওয়া গয়নাও উদ্ধার হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে নারাজ পুলিশ। তবে ভিনরাজ্যের চক্রের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top