রাজ্য – রাজ্যের SIR নিয়ে শুক্রবার বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে থাকবেন মুখ্য কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল। পাশাপাশি স্পেশাল রোল অবজারভাররাও উপস্থিত থাকবেন। দিল্লি থেকে আসা অবজারভাররা ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।
জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই SIR প্রক্রিয়াকে সুষ্ঠু এবং সঠিকভাবে সম্পন্ন করতে একাধিক নির্দেশিকা জারি করেছে। কিন্তু জেলায় জেলায় তথ্যের অসঙ্গতি এবং প্রক্রিয়াগত ত্রুটি লক্ষ্য করা গেছে। সেই বিষয়গুলো বিস্তারিতভাবে বুঝতে শুক্রবারের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাজ্যের নির্বাচন কমিশনের সমস্ত কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার পর্যবেক্ষণও অন্তর্ভুক্ত।
সকাল ১১টা নাগাদ বৈঠক শুরু হবে। এরপর আগামী ২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। SIR প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে হেনস্থার অভিযোগের কারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই অন্তত ৫টি চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে SIR সম্পর্কিত অভিযোগ তুলে পাঠিয়েছেন। শুক্রবারের বৈঠকে সেই বিষয়গুলোরও আলোচনা হবে।




















