এসি কোচে ঘুরে বেড়াচ্ছে বড় আরশোলা ও ইঁদুর, দায়সারা রেলকর্মী দেখেই ভাঙল যাত্রীর ধৈর্য

এসি কোচে ঘুরে বেড়াচ্ছে বড় আরশোলা ও ইঁদুর, দায়সারা রেলকর্মী দেখেই ভাঙল যাত্রীর ধৈর্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – পরিবার নিয়ে ট্রেনে উঠেছিলেন এক তরুণ। এসি কোচে টিকিট কাটা ছিল ছয়জনের জন্য—স্ত্রী, সন্তান এবং অন্যান্য আত্মীয়সহ। কিন্তু ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উপদ্রব। বড় বড় আরশোলা ও ইঁদুর ঘোরাফেরা করতে শুরু করে আসনের চারপাশে। কখনও তারা খাবারের টিফিনবাক্সে উঠে যাচ্ছে, কখনও আবার যাত্রীর হাতে-পায়ে দৌড়াচ্ছে। বিব্রত হয়ে রেলকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের দায়সারা আচরণ দেখে রেগে যান যাত্রী। পরিস্থিতি ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি।
‘দ্য নালন্দা ইনডেস্ক’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে সেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের এসি কোচে যাত্রীরা বসে আছেন, আর বড় আরশোলা ও ইঁদুর কোচের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। তরুণের দাবি, তারা বুন্দেলখণ্ড এক্সপ্রেসে বারাণসী থেকে ঝাঁসি যাচ্ছিলেন। কিন্তু আরশোলা ও ইঁদুরের এই অবস্থা তাদের শান্তিপূর্ণ যাত্রা ব্যাহত করে।
তরুণ অভিযোগ করেন, টিফিনবাক্সের ভিতরে আরশোলা উঠে পড়ছে। কোচের ভিতরে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। এমনকি বড় শুঁড়ওলা আরশোলা কোচে বাসা বেঁধেছে, সেটিও ভিডিওতে প্রমাণ হিসেবে ধরা পড়েছে। কোচের ভিতরে লেখা অধিকাংশ হেল্পলাইন নম্বরে ফোন করলেও ব্যস্ত পাওয়া গেছে। শেষে একটি নম্বরে যোগাযোগ হলেও, রেলকর্মীর বিরক্তির সুরে কথাবার্তা শুনতে হয়েছে।
কোচের ভিতরে বাচ্চাদের কান্নাকাটি ও যাত্রীর অসুবিধার কথা জানিয়ে বারবার নালিশ জানানোর পরই রেলকর্মীরা হাজির হন। ওষুধ ছড়িয়ে পরিস্থিতি সামলানো হয়। তবে দায়সারা আচরণ দেখে তরুণ আরও রেগে যান। সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটপাড়ায় রেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং যাত্রী সেবার প্রশ্ন তোলা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top