রাজ্য – বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধনের জন্য শুক্রবার দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকের নয়াগ্রাম এলাকায় পৌঁছান। তবে গিয়ে দেখেন, স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন কয়েকজনই, কিন্তু কর্মী ও সমর্থকরা উপস্থিত নন। পুরো কার্যালয় ফাঁকা দেখে তিনি অবিলম্বে ফিরে যান।
স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, দিলীপ ঘোষকে যে সময় দেওয়া হয়েছিল, তার সঙ্গে স্থানীয় স্তরে প্রস্তুতির সময় সমন্বয় করা সম্ভব হয়নি। এছাড়া তার অন্য একটি কর্মসূচিতে যাওয়ার তাড়া ছিল। দিলীপ ঘোষ নিজেও বলেন, “এখন চাষের কাজ চলছে। অনেকেই সময় মতো আসতে পারেননি। আমার অন্য একটি কর্মসূচি ছিল, তাই চলে যেতে হয়েছে। দলের যারা রয়েছেন, তারা উদ্বোধন করবেন।”
এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেছে। মোহনপুর ব্লক সভাপতি মানিক মাইতি বলেন, “বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। লোকজন আর উপস্থিত নেই। এ কারণেই দিলীপ ঘোষকে ফিরে যেতে হয়েছে।”




















