জলপাইগুরি – উচ্চমাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা ছয় শিক্ষক-শিক্ষিকা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি–ময়নাগুড়ি জাতীয় সড়কের বালা পাড়া এলাকায়। মঙ্গলবার সকালে শিক্ষক-শিক্ষিকা ভর্তি গাড়িটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। হঠাৎ এই ধাক্কায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও গাড়ির ভিতরে থাকা সকলেই কমবেশি আহত হন। একজন শিক্ষিকার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন।
আহত এক শিক্ষিকা জানান, তাঁদের গাড়ি স্বাভাবিক গতিতে এগোচ্ছিল, সেই সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি একটি গর্তে পড়ে যায় এবং ভিতরে থাকা সবাই এদিক-ওদিক ছিটকে পড়েন। চালক জানান, তাঁর গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার। আচমকা পিছন থেকে ধাক্কা মারায় নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি তৈরি হলেও তিনি কোনওমতে গাড়ি সামলে নেন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালি থানা পুলিশ। পুলিশ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে। পাশাপাশি আহত শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।




















