রাজ্য – বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগদানের পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে প্রতীক উর রহমান। আর সেই দলবদলের জেরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয় জল্পনা। শোনা যাচ্ছিল, স্ত্রী শিরিন সুলতানা নাকি তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিচ্ছেদ নিয়েও নানা চর্চা চলছিল। এই পরিস্থিতিতে রবিবার রাতে স্ত্রী ও কন্যার সঙ্গে একটি ছবি পোস্ট করে সব জল্পনার ইতি টানার চেষ্টা করলেন প্রতীক উর। বার্তা স্পষ্ট— গুঞ্জনে কান দেওয়ার কোনও কারণ নেই, পরিবার আগের মতোই তাঁর পাশেই রয়েছে।
ডায়মন্ড হারবারের তরুণ সিপিএম নেতা হিসেবে পরিচিত প্রতীক উর রহমান কয়েকদিন আগেই দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করে প্রাথমিক সদস্যপদ-সহ জেলা ও রাজ্য কমিটির সমস্ত দায়িত্ব ছাড়তে চেয়ে চিঠি দেন। তখন থেকেই জল্পনা শুরু হয় যে তিনি তৃণমূল কংগ্রেস-এ যোগ দিতে পারেন। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হয়। শনিবার বিকেলে আমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাত ধরে দলবদল করেন তিনি। এরপর সিপিএম তাঁকে বহিষ্কার করে।
দলবদলের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ দাবি করেন, পরিবারের সমর্থন পাননি তিনি। আবার কেউ লেখেন, স্ত্রী শিরিন অভিমানে বাপের বাড়ি চলে গিয়েছেন। তবে রবিবার সন্ধ্যায় পোস্ট করা ছবিতে দেখা যায়, বিছানায় বসে রয়েছেন প্রতীক উর, পাশে স্ত্রী শিরিন ও তাঁদের কন্যা। সন্তানকে পড়াতে ব্যস্ত শিরিন। ক্যাপশনে তিনি লেখেন, “আপাতত এটুকুই।” সংক্ষিপ্ত বার্তাতেই স্পষ্ট, তাঁরা একসঙ্গেই আছেন।
উল্লেখ্য, শিরিন আগেই এই প্রসঙ্গে মুখ খুলে জানিয়েছিলেন, এসবই রটনা এবং ইচ্ছে করেই ছড়ানো হচ্ছে। তাঁর কথায়, যাঁরা এমন গুজব ছড়াচ্ছেন, তাঁরা তাঁদের ভালো চান না। রাজনৈতিক সিদ্ধান্ত ঘিরে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনার আবহে এই ছবি যেন একপ্রকার জবাব হিসেবেই দেখছেন অনেকে।




















