কলকাতা – বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কলকাতা শহর জুড়ে ব্যাপক নাকা চেকিং শুরু করেছে Kolkata Police। শহরের ১০টি ডিভিশনের মোট ১০৯টি পয়েন্টে একযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়। ধর্মতলা সহ একাধিক গুরুত্বপূর্ণ নাকা চেকিং পয়েন্টে সরেজমিনে পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার Supratim Sarkar।
গত কয়েকদিন ধরে কখনও আদালত, কখনও পোস্ট অফিস, কখনও বা পাসপোর্ট অফিসে বোমাতঙ্কের ই-মেল আসায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তার উপর রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। সব মিলিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন।
পুলিশ কমিশনার জানান, নির্দিষ্ট কোনও দিন নয়, সারপ্রাইজ ভিজিটের মতোই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগাতার নাকা চেকিং চলবে। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ওসি সহ সিনিয়র অফিসাররা সরাসরি রাজপথে নেমে এই তল্লাশি তদারকি করবেন। নিয়মিত রুটিনের বাইরেও হঠাৎ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় এই ধরনের অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।
নাকা চেকিং চলাকালীন গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও হুমকির সুনির্দিষ্ট সূত্র মেলেনি। আদালতে যে হুমকি ই-মেল এসেছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এসটিএফ। এ বিষয়ে Hare Street Police Station–এ অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ কমিশনারের দাবি, কলকাতা পুলিশ সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের উপর আস্থা বাড়াতেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই জোরদার নাকা চেকিং অভিযান চলবে বলে জানানো হয়েছে।


















