রাজ্য – বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে চলছে West Bengal School Service Commission-এর অধীনে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ পরীক্ষা। ১ মার্চ গ্রুপ সি পরীক্ষার পর আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে গ্রুপ ডি পরীক্ষাও। দীর্ঘদিন ধরে এই নিয়োগ পরীক্ষা আটকে থাকায় পরীক্ষার্থীদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী বহু প্রতীক্ষার পর এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে।
আজ রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের গ্রুপ ডি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে ৫৪৮৮টি। রাজ্যজুড়ে প্রায় ১৭০০টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৮ লক্ষ ৯ হাজারেরও বেশি পরীক্ষার্থী। গ্রুপ সি পরীক্ষার মতোই গ্রুপ ডি পরীক্ষাতেও কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলার পাশাপাশি অন্য রাজ্য থেকেও বহু পরীক্ষার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে এবং শেষ হবে দুপুর ১টা ২০ মিনিটে। পরীক্ষার্থীদের রিপোর্টিং টাইম সকাল ১০টা নির্ধারণ করা হয়েছে। দুপুর ১১টা ৪৫ মিনিটে পরীক্ষাকেন্দ্রের দরজা বন্ধ করে দেওয়া হবে। তাই পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের তরফে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রেও বিশেষ নিয়ম জারি করা হয়েছে। পরীক্ষার্থীরা বুট জুতো বা সম্পূর্ণ বন্ধ জুতো পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরিবর্তে চপ্পল বা হাওয়াই চটি পরে পরীক্ষায় বসতে হবে। এই নিয়ম প্রয়োগের উদ্দেশ্য হল পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা এবং কোনও ধরনের অনিয়ম রোধ করা। রাজ্য প্রশাসন জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।




















