রাজ্য – বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই সোমবার নয়াদিল্লি থেকে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় রাজ্যের ১৪৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে ২৯৪টি আসনের পূর্ণ তালিকা এখনও প্রকাশ হয়নি। সূত্রের খবর, বাকি আসনগুলির প্রার্থী তালিকা পরবর্তী পর্যায়ে ঘোষণা করা হতে পারে।
ঘোষিত তালিকায় সবচেয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসন থেকেই প্রার্থী করা হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী, যদিও সেই ফল নিয়ে বিতর্ক ছিল। এবারও তাঁকে সেই কেন্দ্র থেকেই লড়াইয়ের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকেও তাঁকে প্রার্থী করায় রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
ভবানীপুর ইতিমধ্যেই হাই-প্রোফাইল কেন্দ্র হিসেবে পরিচিত। একদিকে রাজ্যের প্রশাসনিক প্রধানের কেন্দ্র, অন্যদিকে বিরোধী দলনেতার প্রার্থিতা—ফলে এই আসন ঘিরে লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই শিবিরই এই কেন্দ্রকে প্রতীকী ও কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে।
বিজেপির প্রার্থী তালিকায় আরও কয়েকজন হেভিওয়েটের নাম রয়েছে। খড়্গপুর সদর থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। হাওড়ার শিবপুর থেকে রুদ্রনীল ঘোষ এবং বরাহনগর থেকে সজল ঘোষকে প্রার্থী করেছে দল।
এদিকে বিজেপি যখন প্রার্থী তালিকা ঘোষণা করছে, ঠিক সেই সময় রাজপথে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করে তিনি জনসমর্থন প্রদর্শন করেন। মিছিলে বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই কর্মসূচির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তাঁর কাছে কোনও প্রার্থীই হেভিওয়েট নয় এবং জনসমর্থনই মূল শক্তি।
ভবানীপুর কেন্দ্রকে ঘিরে অতীতের নির্বাচনী লড়াই, ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ক এবং রাজনৈতিক উত্তাপ—সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই তীব্র হচ্ছে। বিজেপির আংশিক তালিকা প্রকাশ এবং বিভিন্ন হেভিওয়েট প্রার্থিতা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে।



















