ভোটার তালিকা প্রকাশে কড়া নজরদারি, নবান্নের নির্দেশে তৎপর প্রশাসন

ভোটার তালিকা প্রকাশে কড়া নজরদারি, নবান্নের নির্দেশে তৎপর প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশকে ঘিরে কড়া সতর্কতা জারি করল নবান্ন। ২১ মার্চ, শনিবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর জানিয়েছে, আগামী ২৩ মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। এই পরিস্থিতিতে সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো এবং সামগ্রিক আইনশৃঙ্খলা বজায় রাখতে সমস্ত জেলার জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পরিকাঠামোগত ব্যবস্থাও নিশ্চিত করার কথা বলা হয়েছে।
প্রশাসনের তরফে সংশ্লিষ্ট পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গেও সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই আগাম সতর্কতা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই বার্তা প্রশাসনের সর্বস্তরে পৌঁছে দেওয়া হয়েছে এবং সোমবার দুপুর থেকেই প্রতিটি থানাকে এলাকায় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শহরের সংবেদনশীল এলাকাগুলিতে সন্ধ্যার পর থেকে পুলিশের টহল বাড়ানোর কথা বলা হয়েছে।
প্রয়োজন অনুযায়ী সংবেদনশীল এলাকাগুলির স্থানীয় থানায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আগাম রুট মার্চ করার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে এলাকায় নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ে। সোমবার রাতে সমস্ত থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং গভীর রাত পর্যন্ত নজরদারি চালাতে বলা হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্যও কড়া নির্দেশ জারি করা হয়েছে।
এদিকে রবিবার দুপুর ২টো থেকে সিইও দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে পুলিশ এবং সিএপিএফ আধিকারিকরা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top