রেমন্ডের প্রাক্তন চেয়ারম্যান বিজয়পত সিংঘানিয়ার প্রয়াণ, শিল্পজগতে শোকের ছায়া

রেমন্ডের প্রাক্তন চেয়ারম্যান বিজয়পত সিংঘানিয়ার প্রয়াণ, শিল্পজগতে শোকের ছায়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মুম্বই – ভারতীয় শিল্পজগতের অন্যতম পরিচিত মুখ, রেমন্ড গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান বিজয়পত সিংঘানিয়া আর নেই। শনিবার মুম্বই-তে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর প্রয়াণের খবর এক্সে সংক্ষিপ্ত বার্তায় জানান তাঁর ছেলে গৌতম সিংঘানিয়া।
সংস্থার তরফে জানানো হয়েছে, পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত এবং সম্মানসূচক এয়ার কমোডোর ড. বিজয়পত সিংঘানিয়া শান্তিতে পরলোকগমন করেছেন। রবিবার মুম্বইয়ের রুপারেল মার্গের বাসভবনে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে, এরপর চন্দনওয়াড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত রেমন্ড গ্রুপ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তাঁর নেতৃত্বে সংস্থা দেশ-বিদেশে টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। তাঁর সময়েই ‘রেমন্ড’ ব্র্যান্ড ভারতীয় মধ্যবিত্তের কাছে বিশ্বাসযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠা পায়।
তবে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েনের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। ২০১৫ সালে নিজের বড় অংশের শেয়ার ছেলের হাতে তুলে দেওয়ার পর পারিবারিক সম্পর্কে অবনতি ঘটে। আইনি জটিলতা ও সম্পর্কের টানাপোড়েন তাঁর জীবনের শেষ পর্বকে কঠিন করে তোলে। একাধিক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে জানিয়েছিলেন, অগাধ বিশ্বাসের মূল্য দিতে হয়েছে তাঁকে।
শুধু ব্যবসা নয়, আকাশপথেও নিজের স্বাক্ষর রেখে গিয়েছেন তিনি। জেআরডি টাটা-র অনুপ্রেরণায় বিমানচর্চায় আগ্রহী হয়ে ওঠেন। ২০০৫ সালে হট এয়ার বেলুনে ২১ হাজার মিটারেরও বেশি উচ্চতায় উড়ে বিশ্বরেকর্ড গড়েন। আন্তর্জাতিক এয়ার রেসেও অংশ নিয়ে সাফল্য অর্জন করেন। ১৯৯৪ সালে ভারতীয় বায়ুসেনা-র তরফে সম্মানসূচক এয়ার কমোডোর উপাধি পান।
সাফল্যের শিখর থেকে ব্যক্তিগত জীবনের কঠিন বাস্তব—দুইয়েরই সাক্ষী ছিলেন বিজয়পত সিংঘানিয়া। নিজেকে তিনি সবসময় ‘ফাইটার’ বলেই মনে করতেন। ভারতীয় শিল্পজগতে তাঁর অবদান এবং জীবনের লড়াই—দু’টিই দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top