ভোটার তালিকা বিতর্কে উত্তাল বসিরহাট, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

ভোটার তালিকা বিতর্কে উত্তাল বসিরহাট, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর 24  পরগনা – উত্তর ২৪ পরগনার Basirhat এলাকায় ভোটার তালিকা নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রকৃত ভারতীয়দের নাম বাদ দিয়ে নতুনভাবে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ থেকে আসা মানুষের নাম। এই দাবিকে সামনে রেখে রবিবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বসিরহাট উত্তর বিধানসভার মাকাল গাছা গ্রাম পঞ্চায়েতের ২৫১ নম্বর বুথের এক পঞ্চায়েত সদস্য। তাঁর নিজের নামই তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ, আর সেই প্রতিবাদেই স্থানীয়দের সঙ্গে নিয়ে রাস্তায় নামেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে বাংলাদেশ থেকে আসা বহু মানুষের নাম ভোটার তালিকায় থাকলেও, বহু পুরনো বাসিন্দার নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। শুধু সাধারণ মানুষ নয়, জনপ্রতিনিধিদের নামও বাদ যাওয়ার ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, বসিরহাটের অন্তত দুটি বুথে প্রায় ৭০০ জনের নাম বাদ গিয়েছে, যা নিয়ে ক্ষোভ আরও তীব্র হয়েছে।
এই পরিস্থিতিতে বসিরহাটের বিভিন্ন প্রান্তে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। কোথাও ৫০ জন, কোথাও ২০০ জনের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। এক একটি গ্রাম পঞ্চায়েত থেকে হাজার হাজার মানুষের নাম বাদ যাওয়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভোটারাধিকার হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে সঠিক তদন্ত করে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। টায়ার জ্বালিয়ে প্রতিবাদের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top