দেশ – মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে জ্বালানি বাজারে চাপ বাড়ছে, তার প্রভাব পড়ছে এলপিজি সরবরাহেও। যদিও কেন্দ্রের তরফে পর্যাপ্ত জোগানের আশ্বাস দেওয়া হয়েছে, তবুও কালোবাজারি ও অবৈধ মজুদের কারণে বহু জায়গায় সাধারণ মানুষকে দ্বিগুণ বা তারও বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
সরকারি নির্দেশ অনুযায়ী, এবার থেকে গোডাউন বা স্টোরেজ পয়েন্ট থেকে সরাসরি LPG cylinder বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনও ডিস্ট্রিবিউটার বা সংস্থা এই নিয়ম ভাঙলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে।
এই বিষয়ে দিল্লির বিভিন্ন অয়েল মার্কেটিং সংস্থা তাদের ডিস্ট্রিবিউটারদের স্পষ্ট নির্দেশ দিয়েছে, নির্ধারিত ডিস্ট্রিবিউশন চ্যানেলের বাইরে কোনওভাবেই এলপিজি সিলিন্ডার বিক্রি করা যাবে না। মূল লক্ষ্য, অবৈধ বিক্রি, মজুদ ও কালোবাজারি বন্ধ করা।
এছাড়াও গ্রাহকদের শুধুমাত্র নির্দিষ্ট বুকিং পদ্ধতির মাধ্যমেই সিলিন্ডার সংগ্রহ করতে বলা হয়েছে। অর্থাৎ, অনলাইনে বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং করেই এলপিজি সিলিন্ডার নিতে হবে। এতে সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ ন্যায্য মূল্যে গ্যাস পেতে পারবেন বলে মনে করছে প্রশাসন।
এই নতুন নিয়ম কার্যকর হলে এলপিজি বাজারে শৃঙ্খলা ফিরবে এবং কালোবাজারির দৌরাত্ম্য অনেকটাই কমবে বলেই আশা করা হচ্ছে।




















