কোচবিহার – বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে জেলায় জেলায় ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নির্বাচনী প্রচারের ব্যস্ত সূচির মধ্যেই কোচবিহার ও আলিপুরদুয়ারের একাধিক সভা সেরে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। তবে প্রচারের মাঝেই এদিন সম্পূর্ণ ভিন্ন এক মানবিক ও ভক্তিময় রূপে ধরা দিলেন তিনি।
দিনহাটার সভা শেষ করেই সরাসরি মদনমোহন মন্দির-এ পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারবাসীর কাছে অত্যন্ত পবিত্র এই মন্দিরে তিনি সাধারণ ভক্তদের মতোই নিজের হাতে সন্দেশ কিনে পুজোর থালা সাজান এবং দেবতার আরাধনা করেন। আসন্ন নির্বাচনে বড় জয়ের লক্ষ্যে তিনি মদনমোহন দেবের আশীর্বাদও প্রার্থনা করেন।
মন্দিরে প্রবেশের সময় ছোট ছোট শিশুদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। দু’জন শিশুকে কাছে ডেকে আদর করেন তিনি, যা উপস্থিত মানুষের নজর কাড়ে। এই সরল ও আন্তরিক আচরণে মুগ্ধ হন মন্দিরে উপস্থিত সাধারণ ভক্তরা।
এরপর নিজ হাতে সাজানো পুজোর থালা নিয়ে গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেন তিনি। একজন সাধারণ ভক্তের মতোই তাঁর এই আচরণ স্থানীয়দের হৃদয় জয় করে নেয়। মুখ্যমন্ত্রীর এমন সহজ-সরল ও ভক্তিপূর্ণ মুহূর্ত চোখে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন কোচবিহারের মানুষ।




















