বৈশাখে গরমের মাঝেই ঝড়-বৃষ্টি, দক্ষিণ ও উত্তরবঙ্গে কালবৈশাখীর দাপট

বৈশাখে গরমের মাঝেই ঝড়-বৃষ্টি, দক্ষিণ ও উত্তরবঙ্গে কালবৈশাখীর দাপট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বৈশাখের শুরুতেই একদিকে যেমন তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে কালবৈশাখীর দাপট। গরম ও অস্বস্তির কারণে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। আগামীকাল মূলত আবহাওয়া শুষ্ক থাকলেও মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়-বৃষ্টির জেরে আগামী দু’দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে এরপর আবার ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের মতে, অক্ষরেখা ও সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টি হচ্ছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়ার ছবি। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার-সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে, এবং শনিবার এর তীব্রতা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top