ভোটের মুখে ফের রদবদল, বিধাননগরের পুলিশ কমিশনার বদলাল নির্বাচন কমিশন

ভোটের মুখে ফের রদবদল, বিধাননগরের পুলিশ কমিশনার বদলাল নির্বাচন কমিশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – নির্বাচনের আবহে রাজ্য পুলিশে রদবদল অব্যাহত। এবার Election Commission of India-এর সিদ্ধান্তে সরানো হল বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধরকে। শুক্রবার এই নির্দেশ জারি করা হয়। তাঁর জায়গায় নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে Tripurari Atharva-কে। শনিবার সকাল ১১টার মধ্যে তাঁকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, এর আগে মুরলীধরকে তামিলনাড়ুতে ভোটের পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। গত ১৮ মার্চ তাঁকে তামিলনাড়ুর আরিয়ালুর ও জয়ানকোন্ডম বিধানসভা কেন্দ্রের দায়িত্বও দেওয়া হয়েছিল। তবে পরের দিনই সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। অন্যদিকে, বাকি আইপিএস আধিকারিকদের ক্ষেত্রে বদলির নির্দেশ বহাল থাকে এবং তাঁদের কেরল ও তামিলনাড়ুতে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়। এরপর থেকে মুরলীধর বিধাননগরের কমিশনার পদেই বহাল ছিলেন, কিন্তু এবার নির্বাচনী পরিস্থিতিতে তাঁকেও সরিয়ে দেওয়া হল।
উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই তাঁকে বিধাননগরের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করেছিল রাজ্য সরকার। কিন্তু ভোট ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তন আনছে নির্বাচন কমিশন, যাতে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছ থাকে।
এখনও পর্যন্ত রাজ্যে ৪৫০-রও বেশি আধিকারিককে বদলি বা সরিয়ে দিয়েছে কমিশন। কয়েকদিন আগেই ১৯ জন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে, যাঁরা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এছাড়াও বিভিন্ন পুলিশ জেলা থেকে ৮১ জন ইন্সপেক্টরকেও সরানো হয়েছে বলে জানা গিয়েছে।
নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে এই ধারাবাহিক রদবদল নির্বাচন কমিশনের কড়া নজরদারিরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top