রাজ্য – রবিবার পূর্ব বর্ধমানে রোড শো চলাকালীন জনতার প্রবল উচ্ছ্বাসে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। রাস্তার দুই ধারে উপচে পড়া ভিড়, উৎসাহী মানুষের ঢল—সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই ভালোবাসার জোয়ারে ভাসতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কোথাও তিনি মহিলাদের সঙ্গে হাত মেলান, কোথাও দলীয় কর্মীদের দেওয়া উত্তরীয় ও ছবি গ্রহণ করেন, আবার কোথাও শিশুদের কাছ থেকে ভালোবাসার গোলাপ নেন।
তবে এই উচ্ছ্বাসের মাঝেই জিটি রোডের বীরহাটায় ঘটে সামান্য ছন্দপতন। জানা গিয়েছে, মহিলাদের সঙ্গে হাত মেলানোর সময় কয়েকজন আবেগপ্রবণ মহিলা তাঁকে কাছে পেয়ে হাত ধরে টান দেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় মুখ্যমন্ত্রী সামান্য চোট পান বলে জানা গিয়েছে।
যদিও কিছুক্ষণের মধ্যেই তিনি স্বাভাবিক হয়ে পুনরায় প্রচারে মনোনিবেশ করেন। সকাল থেকেই রোড শো ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেয় জেলা পুলিশ। শহর কার্যত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ স্পন্দন কমপ্লেক্স থেকে বীরহাটা পর্যন্ত দলীয় প্রার্থী খোকন দাসের সমর্থনে এই রোড শো করেন মুখ্যমন্ত্রী।




















