ভবানীপুরে ‘ডোর টু ডোর’ প্রচারে মমতা, ভিন্ন কৌশলে ভোটের লড়াইয়ে তৃণমূল নেত্রী

ভবানীপুরে ‘ডোর টু ডোর’ প্রচারে মমতা, ভিন্ন কৌশলে ভোটের লড়াইয়ে তৃণমূল নেত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – রাজ্যজুড়ে জোর প্রচারের মাঝেই এবার নিজের কেন্দ্র ভবানীপুরে নতুন আঙ্গিকে প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় জনসভা বা পদযাত্রার বদলে সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে ‘ডোর টু ডোর’ ক্যাম্পেন করতে দেখা গেল তাঁকে। লর্ড সিনহা রোডের হাইরাইজ থেকে সেক্সপিয়র সরণির একাধিক আবাসনে গিয়ে ভোট প্রচার করেন তিনি।
এদিন বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে প্রচার সেরে দক্ষিণ কলকাতায় পৌঁছন মমতা। এরপর সেক্সপিয়র সরণিতে একটি ছোট্ট জায়গাকে মঞ্চ হিসেবে ব্যবহার করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। বড় মঞ্চ বা বিশাল আয়োজন ছাড়াই সাধারণ মানুষের মধ্যে থেকে বক্তব্য রাখার এই ভিন্ন প্রচার শৈলী নজর কেড়েছে।
এরপর ‘গঙ্গা-যমুনা’ নামে একটি আবাসনে ঢুকে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন তৃণমূল নেত্রী। সকলকে একসঙ্গে থাকার বার্তা দিয়ে তাঁদের কাছে ভোটের আবেদন জানান। একই সঙ্গে বাসিন্দাদের সমস্যার কথা শোনেন এবং পরিষেবা সংক্রান্ত নানা বিষয় নিয়েও আলোচনা করেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে গত ১৫ বছরে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে, তাও তুলে ধরেন তিনি।
সাধারণত বড় জনসভা ও রোড শোতেই দেখা যায় তাঁকে। তবে এবার নিজের কেন্দ্রে মানুষের কাছে পৌঁছতে ভিন্ন কৌশল নিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। ‘দিদি’ হিসেবে সরাসরি জনসংযোগের মাধ্যমে ভোটারদের আস্থা আরও বাড়ানোর চেষ্টা করছেন তিনি—এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
উল্লেখ্য, এর আগেও কলকাতার লেডিজ পার্কে স্থানীয়দের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রের ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে নির্বাচনী লড়াইকে আরও মজবুত করাই এখন তাঁর লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top