রাজ্য – বিধানসভা নির্বাচনের আবহে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। চলতি বছরে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ-এর অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সাধারণ নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়, তবে এবারের নির্বাচনের কারণে কিছুটা দেরি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
এই বিষয়ে সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছেন, নির্বাচনের মধ্যেও দ্রুততার সঙ্গে খাতা মূল্যায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। ফলে প্রতি বছরের মতো নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। সংসদের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, আগের ধারা বজায় রেখেই রেজাল্ট প্রকাশ করা হবে।
অন্যদিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৮ মে। সাধারণত মাধ্যমিকের ফল বেরোনোর এক সপ্তাহের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হয়। সেই হিসেবে সম্ভাবনা রয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ ১২ থেকে ১৫ মে-র মধ্যে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা হতে পারে।
জানা গিয়েছে, প্রেস কনফারেন্সের মাধ্যমে দুপুর সাড়ে ১২টা নাগাদ ফল প্রকাশ করা হবে। এরপর দুপুর ২টো থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। ফল জানার জন্য শিক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করতে হবে। সেখান থেকেই মার্কশিট ডাউনলোড করার সুযোগ থাকবে।
পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে ভেরিফায়েড প্রিন্ট কপিও তুলে দেওয়া হবে। সংসদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শুধুমাত্র অফিসিয়াল সূত্রের উপর ভরসা করতে হবে এবং কোনও ভুয়ো খবর বা গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।




















