রাজ্য – আর মাত্র দু’দিন পরেই বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতে চলেছে। তার আগে রাজ্যজুড়ে চরমে উঠেছে নির্বাচনী প্রচার। মঙ্গলবারও একাধিক জনসভা ও কর্মসূচিতে ব্যস্ত তৃণমূল ও বিজেপির শীর্ষ নেতৃত্ব। সকাল থেকেই বিভিন্ন জেলায় রাজনৈতিক তৎপরতা নজরে পড়েছে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়-এর রয়েছে একাধিক কর্মসূচি। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দুপুরে জনসভা করার পর ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর সমর্থনে সভা করবেন তিনি। এরপর জগদ্দলেও একটি জনসভা রয়েছে তাঁর। দিনের শেষে কলকাতার বড়বাজার এলাকাতেও জনসভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। সব মিলিয়ে মঙ্গলবার চারটি জনসভা করছেন তিনি।
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-ও ব্যস্ত থাকবেন প্রচারে। তাঁর রয়েছে তিনটি জনসভা এবং একটি রোড শো। বাঁকুড়ার বড়জোড়া, ঝাড়গ্রাম ও ভাতারে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি। পাশাপাশি খড়্গপুর সদরে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে একটি রোড শোতেও অংশ নেবেন।
বিজেপির তরফেও জোরদার প্রচার চলছে। এদিন অমিত শাহ রাজ্যে চারটি জনসভা করবেন বলে জানা গিয়েছে। তাঁর সভাগুলি অনুষ্ঠিত হবে শিলিগুড়ি, পশ্চিম বর্ধমানের কুলটি, পশ্চিম মেদিনীপুরের শালবনি এবং পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে।
ভোটের আগে শেষ মুহূর্তের এই প্রচারে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বিভিন্ন দলের হেভিওয়েট নেতাদের একের পর এক জনসভা ঘিরে জমে উঠেছে বাংলার নির্বাচনী ময়দান।



















