ভোটের আগে ‘ভয়মুক্ত নির্বাচন’ নিশ্চিত করতে ২৪x৭ হেল্পলাইন চালু করল রাজভবন, নাগরিকদের সরাসরি অভিযোগ জানানোর সুযোগ

ভোটের আগে ‘ভয়মুক্ত নির্বাচন’ নিশ্চিত করতে ২৪x৭ হেল্পলাইন চালু করল রাজভবন, নাগরিকদের সরাসরি অভিযোগ জানানোর সুযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে ‘ভয়মুক্ত নির্বাচন’ নিশ্চিত করতে বড় উদ্যোগ নিল রাজভবন। রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের নির্দেশে চালু করা হয়েছে ২৪ ঘণ্টার নাগরিক হেল্পলাইন, যার মাধ্যমে ভোটের আগে বা পরে যেকোনও ধরনের হিংসা, ভয়ভীতি, অনিয়ম বা হয়রানির অভিযোগ সরাসরি জানাতে পারবেন সাধারণ মানুষ।
রাজভবনের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে এসেছে বিভিন্ন স্তরে। অতীতের নির্বাচনে ভোটারদের ভয় দেখানো, বুথে যেতে বাধা দেওয়া এবং হেনস্থার মতো অভিযোগও উঠে এসেছে। সেই প্রেক্ষিতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এই পরিষেবার মাধ্যমে নাগরিকরা ২৪ ঘণ্টা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি অভিযোগ অত্যন্ত সংবেদনশীলতা ও গোপনীয়তার সঙ্গে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে রাজভবন। শুধু অভিযোগ গ্রহণই নয়, প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।
রাজভবনের মতে, রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই নিরাপত্তা জোরদারে একাধিক ব্যবস্থা নিয়েছে। তবে নাগরিকদের সরাসরি যোগাযোগের একটি দ্রুত ও কার্যকর মাধ্যমের প্রয়োজন ছিল, যা এই হেল্পলাইনের মাধ্যমে পূরণ করা হবে।
উল্লেখ্য, এর আগেও নির্বাচনের সময় রাজভবনের তরফে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছিল। পঞ্চায়েত ভোট এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় ‘শান্তিকক্ষ’ চালু করে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছিল। এবার সেই উদ্যোগকে আরও বিস্তৃত করে সরাসরি নাগরিক সংযোগের ব্যবস্থা করা হয়েছে।
রাজভবনের দাবি, এই হেল্পলাইনের মূল উদ্দেশ্য হল প্রতিটি ভোটার যেন কোনও ভয় ছাড়াই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করে তোলা।
নাগরিকরা নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে এবং ই-মেইলের মাধ্যমেও অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি অভিযোগ দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
হেল্পলাইন নম্বর:
০৩৩-২২০০ ১০২২ / ১০২৩ / ১০২৫ / ১০২৬ / ১০২৭ / ১০২৮ / ১০২৯ / ১০৩২ / ১০৩৬
ই-মেইল:
lokbhavanbengalhelpline@gmail.com

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top