কলকাতা
রাজ্যে খুচরো মদ বিক্রির লাইসেন্স দেওয়ার নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল রাজ্য সরকার। নতুন লাইসেন্সের ক্ষেত্রে কোন জায়গাকে ‘নতুন সাইট’ এবং কোনটিকে ‘বিদ্যমান সাইট’ হিসেবে গণ্য করা হবে, তা স্পষ্ট করে মঙ্গলবার নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
নতুন নিয়মে বন্ধ হয়ে যাওয়া বেশ কিছু মদের দোকানের জায়গাতেও ফের লাইসেন্স দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। পুরনো বিদেশি মদের অর্থাৎ এফএল দোকানের জায়গা, কোনও লাইসেন্স বাতিল হওয়া, প্রত্যাহার করা কিংবা লাইসেন্সধারী নিজে লাইসেন্স সমর্পণ করার কারণে যে দোকানগুলি বন্ধ হয়ে গিয়েছে, সেই জায়গাগুলিকে নতুন লাইসেন্সের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও শহরাঞ্চলে নতুন মদের দোকানের ক্ষেত্রে দূরত্বের নিয়মেও বড় পরিবর্তন করা হয়েছে। এতদিন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে মদের দোকানের ন্যূনতম দূরত্ব ১,০০০ ফুট, অর্থাৎ প্রায় ৩০৫ মিটার রাখার নিয়ম ছিল। নতুন নির্দেশিকায় সেই দূরত্ব বাড়িয়ে ৫০০ মিটার করা হয়েছে।
তবে এই পরিবর্তন শুধুমাত্র নতুন লাইসেন্সের ক্ষেত্রেই কার্যকর হবে। ইতিমধ্যে চালু থাকা মদের দোকানগুলির ক্ষেত্রে নতুন দূরত্বের মাপকাঠি প্রযোজ্য হবে না।
অর্থাৎ, নতুন লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় একদিকে পুরনো বন্ধ হয়ে যাওয়া দোকানের জায়গাকে ফের বিবেচনার সুযোগ তৈরি করা হয়েছে, অন্যদিকে শহরাঞ্চলে নতুন দোকানের অবস্থান নির্ধারণের ক্ষেত্রেও বদল আনা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি নির্দেশিকার পর থেকেই লাইসেন্স সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে শুরু হয়েছে আলোচনা।




















