রাজ্য – ইভিএমে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হল ভবানীপুরে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান ভবানীপুর কেন্দ্রের স্ট্রংরুমে, যা অবস্থিত সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সেখানে গিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে নিজেই গণনা কেন্দ্র পাহারা দেন তিনি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলের বাইরে জমায়েত হতে শুরু করে বিজেপি কর্মীরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে, এবং শুরু হয় বিক্ষোভ।
স্ট্রংরুম থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি ইভিএমে ম্যানিপুলেশনের অভিযোগ পেয়েই সেখানে ছুটে গিয়েছিলেন। প্রথমে কেন্দ্রীয় বাহিনী তাঁকে প্রবেশ করতে বাধা দেয় বলেও অভিযোগ করেন তিনি। তবে নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রার্থী হিসেবে নিজের পরিচয়পত্র দেখিয়ে তিনি ভিতরে ঢোকেন। তাঁর কথায়, ভোটের স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি এবং মানুষের দেওয়া ভোট যাতে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করাই তাঁর উদ্দেশ্য।
এদিন তিনি আরও দাবি করেন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইভিএম কারচুপির চেষ্টা হয়েছিল। রাজ্য পুলিশ নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে তা নির্বাচন কমিশনের ব্যর্থতা বলেও কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমানে রাজ্য পুলিশের উপর বাইরের শক্তির চাপ রয়েছে।
সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে বিজেপি কর্মীদের বিক্ষোভ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীই বিজেপি কর্মীদের সেখানে ঢুকতে সাহায্য করেছে। তিনি বলেন, তাঁর দলের তরফে কাউকে ডাকা হয়নি, অথচ বাইরে থেকে লোক এনে স্লোগান দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি এও বলেন, ভবানীপুর তাঁর এলাকা এবং চাইলে তিনি এক ডাকেই হাজার হাজার মানুষকে সেখানে উপস্থিত করতে পারেন।



















