ইরানের সঙ্গে সংঘাত শেষের দাবি ট্রাম্পের, কংগ্রেসকে চিঠি ঘিরে নতুন বিতর্ক

ইরানের সঙ্গে সংঘাত শেষের দাবি ট্রাম্পের, কংগ্রেসকে চিঠি ঘিরে নতুন বিতর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ – ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত আনুষ্ঠানিকভাবে সমাপ্ত। এছাড়া ৭ এপ্রিলের পর থেকে দুই পক্ষের মধ্যে আর কোনও গোলাগুলির ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তিনি।
শুক্রবার মার্কিন কংগ্রেসকে একটি চিঠি পাঠিয়ে ট্রাম্প এই অবস্থান জানান। মার্কিন আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু হওয়া কোনও সামরিক সংঘাত ৬০ দিনের বেশি চালানো যায় না। সেই সময়সীমা শুক্রবার শেষ হয়েছে। এর পর যুদ্ধ চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন, যা এখনও পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
এই পরিস্থিতিতেই কংগ্রেসকে চিঠি পাঠান ট্রাম্প। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। চিঠিতে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ-এর সেনেট আর্মড সার্ভিসেস কমিটিতে দেওয়া বক্তব্যও উল্লেখ করা হয়েছে।
তবে ৬০ দিনের সময়সীমা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর মতে, এই নিয়ম “অসাংবিধানিক”। অন্যদিকে ডেমোক্র্যাটরা ট্রাম্পের দাবি পুরোপুরি নাকচ করেছেন। তাঁদের বক্তব্য, ইরানের সঙ্গে সংঘর্ষ এখনও শেষ হয়নি। হাজার হাজার মার্কিন সেনা এখনো পশ্চিম এশিয়ায় মোতায়েন রয়েছে এবং হরমুজ প্রণালী নিয়ে পরিস্থিতি এখনও অনিশ্চিত।
এদিকে আমেরিকা-ইরান সংঘাতে মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তান। ইসলামাবাদে প্রথম দফার বৈঠক হলেও তা সফল হয়নি বলে জানা গিয়েছে। দ্বিতীয় দফার আলোচনার চেষ্টা চলছে, যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
ট্রাম্প আরও দাবি করেছেন, “ইরানকে আমরাই সামলেছি, নইলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ বড় বিপদের মুখে পড়ত।” তাঁর বক্তব্য অনুযায়ী, ইরানের সামরিক শক্তি এখন কার্যত দুর্বল—নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অকার্যকর এবং দেশের শীর্ষ নেতৃত্ব দেশ ছেড়ে চলে গেছে।
এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন ও ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ বিভিন্ন পক্ষের বক্তব্যে পরিস্থিতি নিয়ে স্পষ্টতা এখনও নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top