রাজ্য – রাজ্যে এখনও নতুন সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ হয়নি। তার আগেই বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘিরে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। বুধবার রাতেই গুলি করে খুন করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ এবং আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ-কে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক খুন বলে দাবি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকাতেও বুধবার রাতে বোমাবাজির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করেই এই অশান্তির সূত্রপাত। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
নতুন সরকার গঠনের আগে থেকেই একের পর এক হিংসার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই একাধিক এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।




















