আইপিএলের মাঝেই সুখবর, কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার যাদব

আইপিএলের মাঝেই সুখবর, কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার যাদব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা -আইপিএলের ব্যস্ত সূচির মাঝেই জীবনের সবচেয়ে বড় সুখবর পেলেন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। বৃহস্পতিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী দেবিশা শেট্টি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন। শুক্রবার আরসিবির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সূর্যর হঠাৎ ছুটি নেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। পরে নিজেই সামাজিক মাধ্যমে বাবা হওয়ার সুখবর ভাগ করে নেন ভারতীয় তারকা ব্যাটার।
এই মুহূর্তে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা সূর্যকুমার যাদব। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে তাঁর আচমকা ছুটি নেওয়ায় ক্রিকেটমহলে নানা প্রশ্ন উঠেছিল। তবে কিছুক্ষণের মধ্যেই সামনে আসে আনন্দের খবর। দীর্ঘদিনের সঙ্গী দেবিশার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি।
সূর্যকুমার এবং দেবিশার সম্পর্কের শুরু ২০১০ সালে। দীর্ঘ ছয় বছরের সম্পর্কের পর ২০১৬ সালে বিয়ে করেন তাঁরা। ক্রিকেট জীবনের কঠিন সময়েও দেবিশা সবসময় সূর্যর পাশে ছিলেন বলে ঘনিষ্ঠ মহলের দাবি।
জাতীয় দলে জায়গা পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল সূর্যকুমারকে। প্রায় ৩০ বছর বয়সে ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর ধাপে ধাপে তিনি নিজেকে দেশের অন্যতম সেরা টি-২০ ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি ভারতীয় টি-২০ দলের অধিনায়কও।
সূর্য বাবা হতে চলেছেন, সেই জল্পনা শুরু হয়েছিল ভারতের টি-২০ বিশ্বজয়ের সময় থেকেই। সেই সময় স্টেডিয়ামে উপস্থিত দেবিশাকে দেখে অনেকেই অনুমান করেছিলেন তিনি অন্তঃসত্ত্বা। পরে তাঁদের ‘বেবি শাওয়ার’-এর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সেই বিশেষ অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও নজর কেড়েছিল অনুরাগীদের।
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এল সুখবর। ক্রিকেট মাঠে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত সূর্যকুমার যাদব এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাবা হিসেবে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সতীর্থরা, সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top