রাজ্য – রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন Suvendu Adhikari। আগামীকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান ঘিরেই এবার নতুন করে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক মহলের পাশাপাশি সাংস্কৃতিক অন্দরেও এখন একটাই প্রশ্ন— শপথগ্রহণ মঞ্চে কি গান গাইতে চলেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী Iman Chakraborty?
সূত্রের খবর, মূল শপথগ্রহণ অনুষ্ঠানের আগে ব্রিগেডের মঞ্চে একটি বিশেষ রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার আয়োজন করা হয়েছে। আর সেই অনুষ্ঠানেই নাকি দেখা যেতে পারে ইমন চক্রবর্তীকে। যদিও সরকারি ভাবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও নিশ্চিত ঘোষণা করা হয়নি। তবুও রাজনৈতিক অন্দরে এই গুঞ্জন ঘিরে চর্চা তুঙ্গে।
বরাবরই তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত ইমন। বিদায়ী মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র প্রতি নিজের ভালোলাগা ও সমর্থনের কথা একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন তিনি। বিশেষ করে তৃণমূলের প্রচারে ‘উন্নয়নের পাঁচালি’ গেয়ে তিনি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। সেই সময় রাজনৈতিক মহলের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁকে নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল।
নির্বাচনী প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে প্রকাশ্য সভা থেকেও বক্তব্য রাখতে দেখা গিয়েছিল ইমনকে। তিনি বলেছিলেন, “একজন সঙ্গীতশিল্পী হিসেবে এই বাংলায় দিদির সরকারের কাছ থেকে এবং আপনাদের কাছ থেকে যে সম্মান পেয়েছি, তা শিরোধার্য। দিদি যেখানে, আমি সেখানে।”
নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকা নিয়েও কম জল্পনা হয়নি। সেই সময় সোশ্যাল মিডিয়ায় নানা রকম কটাক্ষ ও ট্রোলের মুখে পড়ে একটি পোস্ট করেছিলেন ইমন। সেখানে তিনি লেখেন, “বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা— এমনকি কেউ কেউ কেওড়াতলাতেও নিয়ে গিয়েছিলেন। এবার আমাকে নিজের পায়ে দাঁড়াতে দিন।”
নির্বাচনের ফল প্রকাশের পর থেকে আপাতত নীরব রয়েছেন ইমন চক্রবর্তী। তবে ব্রিগেডের শপথমঞ্চে যদি সত্যিই তাঁকে দেখা যায়, তাহলে তা নিঃসন্দেহে রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোড়ন ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।




















