খেলা – আরসিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা হলেও স্বস্তির খবর পেল মুম্বই ইন্ডিয়ান্স শিবির। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া এবং সহ-অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার মধ্যেই সামনে এসেছে নতুন আপডেট। রবিবার রায়পুরে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচ কার্যত মুম্বইয়ের কাছে ‘ডু অর ডাই’।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আগের ম্যাচে পিঠের চোটের কারণে খেলতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। সেই কারণেই প্রথমে দলের সঙ্গে রায়পুরেও যাননি তিনি। পরে ৭ মে দলের সঙ্গে যোগ দেন মুম্বই অধিনায়ক। অন্যদিকে, সদ্য কন্যাসন্তানের বাবা হয়েছেন সূর্যকুমার যাদব। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য তিনি মুম্বইয়েই ছিলেন।
মুম্বই ইন্ডিয়ান্সের এক মুখপাত্র জানিয়েছেন, হার্দিককে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছে দলের মেডিক্যাল টিম। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি সূর্যকুমার যাদবও খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে হার্দিক ও সূর্যের অনুপস্থিতিতে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অনেকেই মনে করছিলেন, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ফের দলের নেতৃত্বে ফিরতে পারেন। তবে সূর্যকুমার সময়মতো দলে যোগ দিলে এবং হার্দিক খেলতে না পারলে, নেতৃত্বের দায়িত্ব তাঁর হাতেই যেতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে দলের অলরাউন্ডার রাদারফোর্ড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দল এখন শুধুমাত্র নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলির উপরই ফোকাস করছে। তাঁর কথায়, নির্বাচনের মতো বাইরের বিষয় নিয়ে ভাবলে চলবে না। ধারাবাহিক পরিশ্রম এবং ইতিবাচক মানসিকতা নিয়েই এগোতে চাইছে দল।
প্লে-অফের লড়াই নিয়েও আশাবাদী মুম্বই শিবির। রাদারফোর্ড স্পষ্ট জানিয়েছেন, বাকি চারটি ম্যাচই জিততে হবে মুম্বইকে। টপ ফোরে জায়গা করে নেওয়ার জন্য সেটাই একমাত্র রাস্তা।
বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, অন্য দলের ফলাফলের দিকেও নজর রাখতে হবে হার্দিকদের।



















