উত্তর চব্বিশ পরগনা – আরও আইনি জটিলতায় জড়ালেন সন্দেশখালির বিতর্কিত নেতা Sheikh Shahjahan। ২০২৪ সালে দায়ের হওয়া পৃথক দু’টি ফৌজদারি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন নিয়ে বসিরহাট আদালতের দ্বারস্থ হয়েছে West Bengal Police। জমি দখল, মারধর, ভয় দেখানো এবং তোলাবাজির অভিযোগে সন্দেশখালি থানায় দায়ের হওয়া ৫৯/২৪ এবং ৮৯/২৪ নম্বর মামলাকে কেন্দ্র করেই এই নতুন আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে শুনানির দিন আদালতে সংশ্লিষ্ট মামলার কেস ডায়েরি জমা দিতে পারেনি পুলিশ। সেই কারণেই আদালত আগামী ৪ জুনের মধ্যে সমস্ত নথি পেশ করার নির্দেশ দিয়েছে। ওই দিন মামলার কাগজপত্র খতিয়ে দেখে বিচারক সিদ্ধান্ত নেবেন, শেখ শাহজাহানকে এই দুই মামলায় আনুষ্ঠানিকভাবে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হবে কি না।
সরকারি আইনজীবী জানিয়েছেন, সন্দেশখালি থানার তরফে শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া ৫৯ ও ৮৯ নম্বর মামলায় ‘শোন অ্যারেস্ট’-এর আবেদন জানানো হয়েছে। কিন্তু কেস ডায়েরি ছাড়া আদালত কোনও সিদ্ধান্ত নিতে রাজি হয়নি। তাই আগামী ৪ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিন সমস্ত নথি জমা পড়ার পর আদালত পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করবে।
আইন বিশেষজ্ঞদের মতে, ‘শোন অ্যারেস্ট’ এমন একটি প্রক্রিয়া, যেখানে কোনও অভিযুক্ত ব্যক্তি অন্য মামলায় আগে থেকেই জেল বা পুলিশ হেফাজতে থাকলেও তাকে নতুন মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। এর ফলে সংশ্লিষ্ট মামলায় তদন্তকারী সংস্থা নতুন করে জিজ্ঞাসাবাদ, তথ্য সংগ্রহ এবং আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ পায়। পাশাপাশি বিচারপ্রক্রিয়াও দীর্ঘায়িত হতে পারে।
সন্দেশখালি কাণ্ডে একাধিক অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। এবার নতুন করে আরও দুই মামলায় তাঁকে জড়ানোর উদ্যোগে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ফের চাঞ্চল্য ছড়িয়েছে।
















