বার্ণপুরে ফের বুলডোজার অভিযান! তৃণমূলের আরও দুই পার্টি অফিস গুঁড়িয়ে দিল সেল আইএসপি

বার্ণপুরে ফের বুলডোজার অভিযান! তৃণমূলের আরও দুই পার্টি অফিস গুঁড়িয়ে দিল সেল আইএসপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বেআইনি দখলদারি এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। সেই অভিযানের রেশ এবার আরও তীব্রভাবে দেখা গেল আসানসোল দক্ষিণের বার্ণপুরে। মাত্র তিন দিনের ব্যবধানে ফের বুলডোজার চালানো হল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। রাষ্ট্রায়ত্ত সংস্থা সেল আইএসপি (ইস্কো) কর্তৃপক্ষ পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান চালায়।
এর আগেই গত মঙ্গলবার বার্ণপুরের ত্রিবেণী মোড় এলাকায় তৃণমূলের একটি যুব কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল শ্রমিক সংগঠন এবং তৃণমূল কংগ্রেসের আরও দুটি পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হল।
ইস্কো সূত্রে জানা গিয়েছে, ত্রিবেণী মোড় এলাকায় সংস্থার জমি দখল করে সম্পূর্ণ বেআইনিভাবে এই পার্টি অফিসগুলি নির্মাণ করা হয়েছিল। বহুবার জমি খালি করার জন্য নোটিশ পাঠানো হলেও সংশ্লিষ্ট পক্ষের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। এরপরই আইন মেনে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
শুক্রবার বার্ণপুরের বাটা রোড এবং মসজিদ রোড এলাকায় বুলডোজার চালিয়ে দুটি পার্টি অফিস ভেঙে ফেলে সেল আইএসপি কর্তৃপক্ষ। গোটা অভিযানের সময় এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
পরপর এই উচ্ছেদ অভিযান ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ইস্কো কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট। সংস্থার তরফে জানানো হয়েছে, সরকারি জমি দখল করে কোনও ধরনের বেআইনি নির্মাণ বা কার্যকলাপ বরদাস্ত করা হবে না। নিয়ম মেনে নোটিশ দেওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনেও একইভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে পালাবদলের পর প্রশাসনের এই ধারাবাহিক অভিযান নতুন রাজনৈতিক বার্তা বহন করছে। বিশেষ করে শাসকদলের একাধিক কার্যালয়ে বুলডোজার অভিযান ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top